টাঙ্গুয়ার হাওর পর্যটন প্রকল্প আমলাতান্ত্রিক বেড়াজালে

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:৩০
সুনামগঞ্জের আন্তর্জাতিক রামসার সাইট এলাকা টাঙ্গুয়ার হাওর,বাংলাদেশের আইফেল টাওয়ার খ্যাত বারেকের টিলা ও সীমান্ত এলাকা কেন্দ্র করে পর্যটন স্পট প্রকল্পের কাজ আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে। বিভিন্ন সময়ে উদ্যোগ নিয়েও এই প্রকল্পের কাজ এগুচ্ছে না। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের প্রকল্পের অবকাঠামো প্রস্তুতের কথা বললেও তারা ভ্রমণ বিলাসে ব্যস্ত থেকে পরিকল্পনার মূল কাজ থেকে সরে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায় ,জীববৈচিত্র্য সমৃদ্ধ আন্তর্জাতিক রামসার সাইট এলাকা টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের সীমান্ত এলাকাকে ঘিরে সরকার দীর্ঘদিন থেকে পর্যটন স্পট করার চিন্তা-ভাবনা করছে। দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় স্পট হওয়ার কারণে অনেক বেসরকারি উদ্যোক্তাও এই এলাকার সৌন্দর্যের কথা চিন্তা করে বিনিয়োগ করতে আগ্রহী। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই প্রকল্পের কাজ পরিকল্পনা নিয়েও আর এগুচ্ছে না। যার ফলে থেমে আছে প্রকল্পের কাজ । তত্ত্বাবধায়ক সরকারের সময় এই প্রকল্পের কাজ এগিয়ে নেয়ার জন্য বেশ কিছু কার্যক্রম হাতে নেয়া হয় । তখন পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা টাঙ্গুয়ার হাওর,বারেকের টিলা ও টাঙ্গুয়া কেন্দ্রিক সীমান্ত এলাকা পরিদর্শন করে প্রকল্পের কাজ শুরুর মতামত দেন । সরকার প্রায় ৩শ’ কোটির টাকার একটি প্রকল্প হাতে নেয়। এ ব্যাপারে সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন জানান, সরকার গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় অনেক উদ্যোগ হাতে নেয়া হয়। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে কাজসম্পন্ন করা হয়নি জীববৈচিত্র্যময় টাঙ্গুয়ার হাওরকে ঘিরে প্রায় ৩শ’ কোটি টাকার যে পর্যটন স্পটের পরিকল্পনা নেয়া হয়েছে তা খুব সম্ভাবনাময় প্রকল্প।