শ্রীপুরে দুর্ধর্ষ ডাকাতি, ইমামসহ আহত ৯

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:৩১
শ্রীপুরের শিরিশগুঁড়ি গ্রামে সোমবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদের এলোপাতাড়ি দায়ের কোপে মসজিদের ইমামসহ ৯ জন আহত হয়েছেন। গুরুতর ৪ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মাওনা ইউনিয়নের শিরিশগুঁড়ি গ্রামের আবু সাঈদ মুন্সী ওরফে তেইল্লা মুন্সীর বাড়ির প্রাচীর টপকে ২০/২৫ জনের ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তার ছেলে এছহাকের হাত মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাটিতে ফেলে রাখে। পরে ঐ ঘরের আলমারি ভেঙ্গে নগদ ৫৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়। এছহাকের চিত্কারে পাশের ঘর থেকে তার ভাই রেজাউল করীম বের হয়ে এলে ডাকাতরা তার ঘরেও ব্যাপক লুটপাট এবং বেদম মারধর করে ফেলে রাখে। ঐ গ্রামের আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম জানান, আবু সাঈদের বাড়িতে ডাকাতি হওয়ার বিষয়টি টের পেয়ে পাশেই শিরিশগুঁড়ি জামে মসজিদের ইমাম মীর নাসির উদ্দীন গ্রামবাসীকে একত্রিত হওয়ার জন্য মাইকিং করার প্রস্তুতি নিতে থাকে। এ সময় ডাকাতরা মসজিদে ঢুকে ইমামকে বেধড়ক মারপিট করে। পার্শ্ববর্তী বাড়ির জুয়েল রানা, মাসুদ রানা, মামুন, ঠান্ডু মিয়া, আলী আকবর, দুলাল জাহু এগিয়ে এলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। গুরুতর আহত এছহাক, ঠান্ডু মিয়া, আলী আকবর ও ইমাম নাসির উদ্দীনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়েছে। শ্রীপুর থানা পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রীপুর থানার ওসি মো. আমির হোসেন বলেন ‘অভিযোগ পেলে মামলা নেয়া হবে’।