উপজেলার বালার ছিড়া নামক স্থানে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে মারামারিতে উভয়পক্ষের ১২ জন আহত হয়েছে। জানা গেছে, সেনা সদস্য মোজাফ্ফর আলী বালার ছিড়া বাইপাস মোড়ে বহুতল বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করতে থাকলে ওই এলাকার আব্দুল কাদের মোনা সরকারি জায়গায় ভবন নির্মাণ হচ্ছে বলে দীর্ঘদিন থেকে বাধা প্রদান করে আসছেন। এরই সূত্র ধরে গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার সময় পুনরায় সেনা সদস্যের মিস্ত্রিরা নির্মাণ কাজ চালাতে থাকলে আব্দুল কাদের মোনা কিছুসংখ্যক লোক নিয়ে বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে মারপিট শুরু হয়। এতে উভয়পক্ষের ১২ আহত হয়। এদের মধ্যে মমতাজ আলী ও আমিনুলের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে সেনা সদস্য মোজাফ্ফর হোসেন জানান, তার ক্রয়কৃত ৯ শতক জমিতে ঘর নির্মাণ করতে গেলে অহেতুক বাধার সৃষ্টি করা হচ্ছে। এদিকে আব্দুল কাদের মোনা জানান, সরকারি জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণে বাধা দেয়ায় এ ধরনের ঘটনা ঘটে।
