৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার আসন বিন্যাস গতকাল মঙ্গলবার প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৮ ডিসেম্বর শুরু হওয়া এ পরীক্ষা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ২৮ হাজার ৯১৭ জন এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। আবশ্যিক বিষয়ের এই লিখিত পরীক্ষা দিনে দুই বেলা অনুুষ্ঠিত হবে। শুধু ২৪ ডিসেম্বর হবে একটি বিষয়ের পরীক্ষা। ফলে এক ঘণ্টার বিরতি দিয়ে দিনে ছয় ঘণ্টা চাকরি প্রত্যাশীদের পরীক্ষায় বসতে হবে।
কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয়টি বিভাগীয় শহরের ২৬টি পরীক্ষা কেন্দ্রে ৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে ঢাকায় ২০টি, রাজশাহীতে দুইটি এবং চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেটে একটি করে পরীক্ষা কেন্দ্র রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে ঢুকতে দেয়া হবে না।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষার হলে বই, ব্যাগ, মোবাইল ফোন, কোনো প্রকার ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র আনা নিষিদ্ধ। পরীক্ষার সময় কারো কাছে মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন বা কোনো প্রকার ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। শুধু গাণিতিক যুক্তি পরীক্ষার দিন সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
৪ হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১ জুন ওই বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী অংশ নেন। গত ২৮ জুন প্রিলিমিনারী পরীক্ষার ফল প্রকাশিত হয়।
