আটজন গ্রেফতার, তারা ছাত্রলীগের সক্রিয় কর্মী নয় :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২২:১৭
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিশ্বজিত হত্যাকাণ্ডে জড়িত ছাত্র নামধারী ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কেউই ছাত্রলীগের কর্মী নয়। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ডিজিটাল বাংলাদেশ ফোরাম আয়োজিত যুদ্ধাপরাধীদের বিচার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবরোধের দিন বিশ্বজিত্ দাসকে হত্যায় জড়িতরা কেউই ছাত্রলীগে ‘সক্রিয়’ নয়। তাদের অনেক আগেই ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা কোন অবস্থাতেই ছাত্রলীগের কর্মী নয়। বহিষ্কৃতরা ছাত্রলীগের নাম ব্যবহার করে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে। তাদের আজ (মঙ্গলবার) মধ্যে গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, রবিবার অবরোধ চলাকালে পুরান ঢাকার জজ কোর্টের সামনের এলাকায় পিটুনি ও চাপাতির কোপে আহত বিশ্বজিতকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। এই ঘটনায় রাতেই সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের হয়। ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, বিএনপি-জামায়াত দেশ, জাতি ও স্বাধীনতার শত্রু। তারা যুদ্ধাপরাধীদের রক্ষার যত চেষ্টাই করুক না কেন তাদের সেই চেষ্টা সফল হবে না। যত বাধাই আসুক না কেন যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। ফোরামের উপদেষ্টা নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনাসভায় ফোরাম সভাপতি এমকেএম রানা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।