মেসি জাদুতে বার্সার লিগ জয়

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২১:১২

বার্সা ১

লেভান্তে ০

 স্পোর্টস ডেস্ক

শেষ ক’বছরে স্প্যানিশ লিগ জেতাটাকে যেন অভ্যাসই বানিয়ে ফেলেছে বার্সেলোনা। শনিবার রাতে নিজেদের মাঠে লিওনেল মেসির একমাত্র গোলে লেভান্তেকে হারিয়ে শিরোপা অক্ষুণ্ন  রেখেছে কোচ আর্নেস্তো ভালভার্দের দল। ফলে ৩ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করলো বার্সেলোনা।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নিজেদের মাঠে লিভারপুলের বিপক্ষে লড়বে বার্সা। সেই ম্যাচকে মাথায় রেখেই হয়তো এই ম্যাচে অধিনায়ক মেসি, সহ-অধিনায়ক সার্জিও বুস্কেটসকে শুরুর একাদশে রাখেননি ভালভার্দে। গোলশূন্য প্রথমার্ধের পর আর্জেন্টাইন তারকাকে মাঠে আনেন কোচ। মেসি খেলার ফল পাল্টাতে সময় নিলেন মাত্র ১৫ মিনিট।  এই মৌসুমে ব্যক্তিগত ৩৪তম গোলটি করে অধিনায়ক হিসেবে প্রথম লিগ শিরোপা নিশ্চিত করেন তিনি।

স্প্যানিশ লিগ ইতিহাসে এটি কাতালানদের ২৬তম লিগ জয়, যার শেষ ৮টি এসেছে মাত্র ১১ মৌসুমের ব্যবধানে। বার্সেলোনার জার্সি গায়ে রেকর্ড দশম লিগ জিতে পূর্বসূরী আন্দ্রেস ইনিয়েস্তাকে ছাড়িয়ে গেছেন মেসি। তবে শুধু লিগ জিতেই ক্ষান্ত হতে চাইবেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। মৌসুমের শুরুতে ভক্তদের দেয়া চ্যাম্পিয়ন্স লিগ জেতার প্রতিশ্রুতি পূরণ যে এখনো বাকি! লিগ নিশ্চিত করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ আর্নেস্তো ভালভার্দে জানালেন সামপ্রতিক সময়ে ঘরোয়া প্রতিযোগিতায় দলের সাফল্যের কেন্দ্রেই আছে আর্জেন্টাইন তারকার অবদান। তিনি বলেন, ‘আমি মেসি সম্পর্কে আর বেশি কিছু বলতে পারবো না। যদি দলে একজন কেন্দ্রীয় চরিত্র রাখতে হয় এবং কোনো নামকে সবার ওপরে রাখতে হয়, সেটা তার। এটা সবারই জানা।’

দলের মেসি নির্ভরতাকে স্বীকার করে ভালভার্দে জানালেন এতে দোষের কিছু নেই। স্প্যানিশ এই কোচের ভাষায়, ‘আমি জানতাম যে, অন্তত বিরতির পর থেকে সে খেলবে। অবশেষে সে গোলটা করল; সবসময় সবখানেই সে গোল করে। এটা পরিষ্কার যে, সবসময় মেসি আমাদের নানা সমস্যা থেকে উদ্ধার করে। মেসি (নির্ভরতা) থাকায় আমরা অনুতপ্ত নই, এটা ভালো যে, সে আমাদের সঙ্গে আছে।’

এগারো বছরের ব্যবধানে তৃতীয়বারের মতো লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে শিরোপাত্রয়ী বা ‘ট্রেবল’ জয়ের সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকছে মেসিদের। লিগ জয়ের পর ক্লাবের সভাপতি হোসে মারিয়া বার্তোমিউ তো সরাসরিই ঘোষণা দিলেন, ট্রেবলই হতে যাচ্ছে তার দলের লক্ষ্য!

এমন অর্জনের ব্যাপারে দলের উরুগুইয়ান ফরোয়ার্ড লুই সুয়ারেজ বলেন, ‘আমরা এ নিয়ে কাজ করছি। আমরা জানি যে, বুধবার মৌসুমের অন্যতম বড় ম্যাচটি খেলতে যাচ্ছি আমরা। লক্ষ্য অর্জন করতে হলে অন্তত দুটি বড় নৈপুণ্য দেখাতে হবে আমাদের।’

তবে ট্রেবল ভাবনা দলের শিরোপা উত্সবে বাগড়া দিচ্ছে না মোটেও। দলের ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকিটিচ বলেন, ‘আমি মিথ্যে বলবো না, আমি একটি বিয়ার নিয়েছিলাম এবং আরেকটি চেয়েছিলাম। রবিবার আমাদের ছুটি আছে এবং কাল সকালে ঘুম ভাঙার সময় কারো কারো হয়তো মাথাব্যথাও হতে পারে। কিন্তু এরপর আমাদের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবতেই হবে।’