কৃষ্ণা এবং স্বপ্নাকে নিয়ে দুশ্চিন্তায়

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২১:১৩

সোহেল সারোয়ার চঞ্চল

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে খেলতে পারছেন না বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার কৃষ্ণা রানী সরকার এবং সিরাত জাহান স্বপ্না। এই দুই ফুটবলার টুর্নামেন্টের খেলায় আঘাত পেয়েছিল। তাদের আঘাত গুরুতর কিনা তা জানতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এমআরআই করানো হয়েছে। গতকাল রাতেই রিপোর্ট পেয়ে যাবার কথা। খুব বেশি খারাপ না হলে একেবারে শঙ্কামুক্তও নন দলের কোচ কর্মকর্তারা। তবে কোচ গোলাম রাব্বানী ছোটন আশঙ্কা করছেন চোট যেমনই হোক স্বপ্না এবং কৃষ্ণা আগামীকালের সেমিফাইনালে খেলতে পারবেন না। আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ খেলবে মঙ্গোলিয়ার বিপক্ষে।

কৃষ্ণা বা স্বপ্না, কাউকেই আগামীকালের সেমিফাইনালে পাওয়ার আশা করছেন না কোচ। কারণ এই দুজন যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন তাতে খুব সহজেই সেরে উঠবেন এমন আশাও করছেন না ছোটন। দুজনেরই পায়ে আঘাত লেগেছে। তাই কোচ মনে করছেন সেমিফাইনালে স্বপ্না ও কৃষ্ণার সম্ভাবনা কম। গতকাল সকালে অন্যান্য খেলোয়াড়দের অনুশীলন হলেও কৃষ্ণা ও স্বপ্ন ছিলেন বিশ্রামে। ছোটন জানিয়েছেন স্বপ্না ও কৃষ্ণার রিহ্যাব চলছে। বরফ দেওয়া হচ্ছে। এমআরআই করা হয়েছে। রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছি। কোচ বলেন, ‘কৃষ্ণার চেয়ে স্বপ্নার চোটটা একটু বেশি। সেমিফাইনালে তাদের পাওয়াটা এখনো সময়ের ব্যাপার। দেখা যাক কী হয়।’

সেমিফাইনালে আগে গতকাল সংবাদ সম্মেলনে ছোটন বলেন, ‘স্বপ্না বলে শুট করছিল, কিরগিজস্তানের গোলকিপার এসে প্রথমে তার পায়ে আঘাত করে। স্বপ্না যখন পড়ে যায়, তখন তার উপর গোলকিপারও পড়ে। পায়ের হাঁটুতে মোচড় লাগে।’ ২৫ মিনিট খেলেই স্বপ্নাকে মাঠ থেকে স্ট্রেচারে শুয়ে তুলে আনতে হয়েছিল শুক্রবারের সেই ম্যাচে। বাংলাদেশের ভাগ্যে আরো বিপদ নেমে আসে যখন খেলার দ্বিতীয়ার্ধ্বে বল শুট করতে যাওয়ার সময় কৃষ্ণাকে ট্যাকল করেন কিরগিজ ডিফেন্ডার। তখন সেও ব্যথা পায়।’

বঙ্গমাতা ফুটবলে দুই ম্যাচ খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথম খেলায় ২-০ গোলে আরব আমিরাতকে এবং দ্বিতীয় খেলায় ২-১ গোলে কিরগিজস্তানকে হারায়। দুই খেলায় চার গোলের মধ্যে প্রথম খেলায় স্বপ্নার প্রথম গোল এবং দুই খেলায় কৃষ্ণার দুই গোল রয়েছে। ম্যাচ জেতানো এই দুই ফুটবলারের অনুপস্থিতি ভোগাবে কিনা এমন প্রশ্নে কোচ ছোটন আশার বাণী শুনিয়েছেন। ‘আশার কথা হলো মার্জিয়া শেষ দুই ম্যাচ এবং তহুরা বদলি নেমে যে খেলাটা খেলেছে তাতে কৃষ্ণা, স্বপ্না না থাকলেও সমস্যা হওয়ার কথা নয়। তবে আমি এইটুকু বলবো কৃষ্ণা এবং স্বপ্না খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের সবার জন্য খুশির সংবাদ হলো যে ভালোমানের রিপ্লেসম্যান্ট আছে। রিজার্ভ বেঞ্চ ভালো-বললেন ছোটন।