নারায়ণগঞ্জে শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২১:২০
নারায়ণগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় ১০ বছরের এক গৃহকর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির বাবা খোকন পাঠান মামলা করেছেন। নিহত শিশু সুখীর বাবা খোকনের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন জানান, দরিদ্রতার কারণে গত ৫ ডিসেম্বর খোকন ইউসুফ নামে এক দালালের মাধ্যমে তার মেয়ে সুখীকে শহরের ১২৩, নিউ চাষাড়া জামতলার বাসিন্দার বাড়িতে কাজে দেন। কাজে দেবার ৩ দিনের মাথায় ৮ ডিসেম্বর সুখী না বলে বিস্কিট খেয়ে ফেলায় বাড়ির গৃহকর্তা এবং গৃহকর্ত্রী মিলে তাকে নির্মমভাবে নির্যাতন করে। এতে সুখী মারাত্মকভাবে আহত হয়। সুখীকে চিকিত্সা না করিয়ে দালাল ইউসুফকে খবর দিয়ে এনে তার হাতে সুখীকে তুলে দেয়া হয়। দালাল ইউসুফ সুখীকে শহরের খানপুরে তার ফুফুর বাড়িতে রেখে আসে। অবস্থা আশঙ্কাজনক দেখে সুখীকে তার ফুফু প্রথমে খানপুর ২০০ শয্যা হাসপাতালে এবং পরে ১০০ শয্যা হাসপাতালে নিয়ে চিকিত্সা করায়। কিন্তু সুখীর অবস্থার অবনতি ঘটলে তাকে সোমবার ঢাকা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। খবর পেয়ে সুখীর বাবা ঢাকা মেডিক্যাল কলেজে গিয়ে মেয়েকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। সুখীকে জিজ্ঞাসা করে জানতে পারেন যে, বিস্কিট খেয়ে ফেলায় তাকে সাহেব ও বিবি সাহেব মিলে দেয়ালে মাথা ঠুকে মারধর করেছে। ওসি আরো জানান, ঘটনার পর থেকে হাজী কামাল ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।