বগুড়ার ধুনটে আগামীকাল শুক্রবার ফজরের নামাজ আদায়ের পর উদ্বোধনী বয়ানের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিভৃত পল্লী সরুগ্রাম স্কুলের সামনে ইজতেমার জন্য বিশাল ময়দান আগে থেকেই সাজানো হয়েছে।
বগুড়া জেলা শহর থেকে ধুনটের ইজতেমা ময়দানের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। বগুড়া-ঢাকা বাইপাস সড়কের বনানী লিচুতলা হয়ে বাগবাড়ি-সোনাহাটা পথ ধরে যে কোন ধরনের যানবহনে ইজতেমাস্থলে পৌঁছা যায়। এছাড়া বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার ধুনট মোড় হয়ে ধুনট শহর, এরপর ধুনট-সোনাহাটা সড়ক সংলগ্ন পূর্ব পাশেই সরুগ্রাম স্কুলের সামনে বিশাল ইজতেমা ময়দান। অন্য বছরের ন্যায় এবারো ঢাকা কাকরাইল মসজিদের তত্ত্বাবধানে ধুনটের সরুগ্রামে ৩৫তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
প্রত্যেক বছরের ন্যায় এবারও সৌদি আরব, নাইজেরিয়া, ফিলিস্তিন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের অনেক দেশ থেকে মুসল্লি¬গণ ইজতেমার উদ্দেশে তাবলীগ জামাতের মাধ্যমে এলাকার মসজিদগুলোতে জমায়েত হয়েছেন। ইতিমধ্যে তাবলীগ জামাতের মাধ্যমে মুসল্লিগণ এ উপলক্ষে আশ-পাশের গ্রামগুলোর প্রায় সব বাড়িতে আত্মীয়-স্বজনের সমাগম ঘটেছে। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ইজতেমা ময়দানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। বিদেশি মুসল্লিদের নিরাপত্তার জন্য প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। আগামী ১৬ ডিসেম্বর দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দেশের দ্বিতীয় বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে।
