মনোহরগঞ্জে আমনের দাম কমে হতাশ কৃষক

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২১:২১
কুমিল্লার মনোহরগঞ্জে চাষিরা আমন ধান চাষের খরচই উঠাতে পারছেন না। ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন এখানকার কৃষকরা। উপজেলার মনোহরগঞ্জ, হাসনাবাদ, লক্ষণপুর, খিলা, মান্দারগাঁও ও আশিরপাড় বাজার ঘুরে দেখা যায়, প্রতি মণ আমন ধান বিক্রি হচ্ছে ৪ থেকে ৫শ টাকায়। প্রতি বছরের মতো এবারও অধিক ফলন লাভের আশায় চাষিরা বোনা আমন ধান চাষ করে। কিন্তু হাল, বীজ, সার ও বদলা খরচ দিয়ে এবার কৃষকের গোলায় ধান উঠেনি। লত্সর গ্রামের কৃষক মৌলভী আবুল কাশেম জানান, প্রতি গণ্ডা (৬ শতকে ১ গণ্ডা) জমি চাষ করতে খরচ হয় ৫ থেকে ৬শ টাকা। তিনি জানান, ১২ গণ্ডা জমি বর্গা চাষ করে ধান পেয়েছেন ১০ মণ, জমির মালিককে ৫ মণ ধান বুঝিয়ে দেয়ার পর বাকি ৫ মণ ধান বিক্রি করে বদলার পয়সা হয়নি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় বর্তমানে ২ হাজার ৫শ হেক্টর জমিতে বোনা আমন চাষ হয়। গত কয়েক বছরের তুলনায় তা অর্ধেকে নেমে এসেছে।