আহারের সময় ওষুধ সেবন অথবা একাধিক ওষুধ একসঙ্গে সেবনের ক্ষেত্রে প্রতিক্রিয়া নিয়ে চিকিত্সা বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই। কানাডিয়ান চিকিত্সকগণ কমলা জাতীয় ফলের সঙ্গে বিভিন্ন ওষুধ যেমন- কোলেস্টেরল কমানোর ওষুধ সেবন না করার পরামর্শ দিয়েছেন। ব্রিটিশ ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ-এর বিশেষজ্ঞগণ ভিটামিন-কে সমৃদ্ধ খাবারের সঙ্গে রক্ত পাতলা করার জন্য ওয়ারফেরিন জাতীয় ওষুধ সেবন না করার পরামর্শ দিয়েছেন। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ড্রাগ সেফটি এক্সপার্ট ড:ডেভিড জুরলিং মনে করেন ভিটামিন-কে সমৃদ্ধ খাবারের সঙ্গে রক্ত পাতলা করার ওষুধ ওয়ারফেরিন সেবনে ওষুধটির কার্যকারিতা হ্রাস পায়। সবুজ শাক-সবজি, বাঁধাকপি, সয়াবিনস, পিঁয়াজ, চীজ, গ্রীন টি ভিটামিন-কে সমৃদ্ধ খাবার।
আমেরিকান ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিষ্ট্রেশন (এফডিএ)-এর মতে যষ্টিমধু সেবনের সঙ্গে হূদরোগ চিকিত্সায় ল্যানোক্সিনে এক ধরনের টক্সিসিটি বা বিষক্রিয়া হতে পারে, কিছু উচ্চ রক্তচাপের ওষুধও ডাইইউরেটিকস-এর কার্যকারিতা কমিয়ে দেয়। এছাড়া ড:ডেভিড জুরলিং উল্লেখ করেছেন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অথবা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট-এর সঙ্গে থাইরয়েড মেডিসিন, এন্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন সেবন করা উচিত নয়।
অ্যালকোহল পানকারীদের রক্ত পাতলা করা ওষুধ ওয়ারফারিন, অ্যান্টিবায়োটিকস, হতাশা কমানোর ওষুধ বা এন্টিডিপ্রেসিভ মেডিসিন, মানসিক সমস্যা বা এন্টিসাইকোটিক ড্রাগ যেমন-থোরাজিন এবং খিঁচুনি সমস্যার মেডিসিন বা এন্টি সিজার ড্রাগ এক সঙ্গে সেবন করা উচিত নয়। অ্যালবার্টা হেলথ সার্ভিসের তথ্যমতে অ্যালকোহলের সঙ্গে এসব ওষুধ সেবনে বমি বমি ভাব, বমি, মাথা ব্যথাসহ নানা সমস্যা হতে পারে। ড:ডেভিডের অভিমত অ্যালকোহল পানের সময় কোনভাবেই ওষুধ সেবন করা বাঞ্ছনীয় নয়।
