যান চলাচলের অনুপযোগী বিশ্বনাথ-হাবড়া ছালিয়া সড়ক

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২১:২৩

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

সিলেটের বিশ্বনাথ-হাবড়া-মাছুখালি-ছালিয়া সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ১২ কিলোমিটার সড়কের প্রায় আট কিলোমিটার জুড়ে রয়েছে বড় বড় গর্ত। সংস্কার না করার ফলে সড়কে ভাঙন বৃদ্ধি পাচ্ছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় শিক্ষার্থীসহ বাসিন্দারা।

ভুক্তভোগীরা জানান, বিশ্বনাথ-হাবড়া-ছালিয়া সড়ক দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। সড়কে ছোট-বড় দুর্ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। অটোরিকশাচালক সফিক মিয়া বলেন, বর্তমানে হেঁটে সড়ক দিয়ে চলাচল করাও অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত সড়ক সংস্কার না করা হলে এই সড়কের অস্তিত্ব থাকবে না। হাবড়াবাজার আশা ফার্মেসীর মালিক বিভাংশু গুণ বিভু বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। বর্তমানে সড়কটিতে ভাঙন বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, সড়ক সংস্কারের জন্য ইতোমধ্যে টেন্ডার হয়েছে। আশা করছি খুব কম সময়ের মধ্যে কাজ শুরু হবে।