মিয়ানমারের সাবেক বৌদ্ধভিক্ষু ও প্রতিবাদী নেতা শিন গাম্বিরা ওরফে নিই নিই লিউয়িনকে জামিনে মুক্তি দিয়েছে দেশটির সরকার। তবে নতুন কোনো বিক্ষোভে তিনি নেতৃত্ব দিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ৪ হাজার ৭শ’ মার্কিন ডলার জামিনের বিনিময়ে তাকে মুক্তি দেয়া হয় বলে বুধবার জানিয়েছে বিবিসি।
ভিক্ষু মর্যাদা কেড়ে নেয়ার পরে নিই নিই লিউয়িন নামে সমধিক পরিচিত এ নেতাকে ২০০৭ সালে ভিক্ষুদের নেতৃত্বে আন্দোলনের পরে ৬৮ বছরের কারাদণ্ড দেয়া হয়। এবছরের জানুয়ারিতে সরকার সাধারণ ক্ষমা ঘোষণার পর তাকে মুক্তি দেয়া হয়। তবে মুক্তির পরে বিভিন্ন সময়ে আবারো গ্রেপ্তার করা হয় তাকে। বর্তমানে নিয়ম ভেঙ্গে বিভিন্ন মঠে প্রবেশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিই নিই লিউয়িন জানান, সমপ্রতি দেশের উত্তরাঞ্চলের মনিওয়া অঞ্চলে তামা খনি সমপ্রসারণবিরোধী আন্দোলনে অংশ নেয়া থেকে বিরত রাখতে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার জামিনের বিনিময়ে তাকে মুক্তি দেয়া হয়। চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর যৌথ মালিকানায় থাকা খনিটি সমপ্রসারণের বিরোধিতা করে গ্রামবাসী ও বৌদ্ধভিক্ষুদের বিক্ষোভে পুলিশি হামলার ঘটনা ঘটে। পরে ভিক্ষুদের ওপর নির্যাতন চালানোর জন্য ক্ষমা প্রার্থনা করে মিয়ানমার সরকার।
