অ্যান্টি ভাইরাস সফটওয়্যারের দিকপাল জন ম্যাকঅ্যাফিকে গুয়াতেমালা থেকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যায় তিনি আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে করে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এসে পৌঁছান। ৬৭ বছর বয়সী ম্যাকঅ্যাফিকে বহনকারী বিমানটি মিয়ামিতে অবতরণ করার পর তাকে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা নিরাপত্তা দিয়ে নিয়ে যায় বলে ওই বিমানের অন্যান্য যাত্রীরা জানিয়েছে। এরপর তিনি তার টুইটার বার্তায় লেখেন, ‘আমি এখন সাউথ বিচে’। সাউথ বিচ মিয়ামি সমুদ্রতীরের জনপ্রিয় পর্যটন এলাকা।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ম্যাকঅ্যাফিকে ৫ ডিসেম্বর গ্রেপ্তার করে গুয়াতেমালার পুলিশ। দীর্ঘদিন ধরে বেলিজে বসবাসকারী ম্যাকঅ্যাফিকে একটি হত্যাকাণ্ডের ব্যাপারে স্থানীয় পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে জানার পর থেকে তিনি আত্মগোপন করেন এবং পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র গুয়াতেমালায় চলে যান।
