যশোর অফিস
যশোরের মণিরামপুরে রবিবার সকালে সেচ পাম্পের মালিকানা নিয়ে দ্বন্দ্বে বড় ভাই ও দুই ভাগ্নের হাতে এক কৃষক খুন হয়েছেন। নিহতের নাম যাদব সেন (৫৮)। তিনি উপজেলার প্রতাপকাঠি তাড়ুয়াপাড়া এলাকার মৃত সুরেন সেনের ছেলে।
ওই সময় আহত অপর ভাই মাধব সেন জানান, তারা চার ভাই পৈতৃক সূত্রে একটি সেচ পাম্প পান। তাদের বড় ভাই অন্যখানে থাকেন। বাকি তিন ভাইয়ের মধ্যে আপস না হওয়ায় সেচ পাম্পের মালিকানা পেতে দুই বছর আগে তারা ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। পরিষদের পক্ষ থেকে তিন ভাইকে এক বছর করে পাম্প চালানোর সিদ্ধান্ত দেওয়া হয়। এক পর্যায়ে পাম্পটি তাদের মেঝ ভাই মদন সেনের দখলে যায়। সময় পার হলেও তিনি দখল ছাড়তে নারাজ ছিলেন। ঘটনার দিন ছোট ভাই যাদব সেনকে নিয়ে ডুমুর বিল হতে পাম্পটি খুলে আনতে যাই। ফেরার পথে মেঝ ভাই মদন সেন, দুই ভাগ্নে সুভাষ দাস ও কানাই দাস হামলা চালায়। এতে ঘটনাস্থলেই যাদব সেন মারা যান।
মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) এস এম এনামুল হক বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সুভাষ ও কানাইয়ের বাবা গোপাল দাসকে থানায় আনা হয়েছে।
