জামায়াতে ইস-লামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গত বুধবার রাতে র্যাব গ্রেফতার করেছে। ঢাকার ধানমন্ডির শংকরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে র্যাব সদর দপ্তরে নেয়া হয়। পরে র্যাব গতকাল বৃহস্পতিবার হাজারীবাগ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের গোয়েন্দা ইউনিটের পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান জানান। হাজারীবাগ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ডা. শফিকুর রহমানকে র্যাব থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে তাকে আজ (শুক্রবার) রিমান্ডের আবেদন দিয়ে আদালতে পাঠানো হবে।
র্যাব ও ডিবি সূত্রে জানা গেছে, গত বছর ১৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে গাড়ি ভাংচুর, চলতি বছর ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলা এবং গত ৪ ডিসেম্বর মার্কিন দূতাবাসের গাড়িতে হামলার ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হবে।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, আন্দোলন দমন করার জন্যই এ গ্রেফতারের ঘটনা ঘটেছে। সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের ব্যাপকভাবে গ্রেফতার করে নির্যাতন চালিয়ে ক্ষমতায় থাকার অপপ্রয়াস চালাচ্ছে। তার গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে সিলেট বিভাগ জামায়াত ইসলামী সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে।
নতুন ভারপ্রাপ্ত সেক্রেটারি রফিকুল ইসলাম খান
জামায়াতে ইসলামীর নেতৃত্বে আবার পরিবর্তন ঘটানো হয়েছে। মহানগর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম খানকে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গ্রেফতার হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়।
রফিকুল ইসলাম খান জামায়াতের কেন্দ্রীয় কমিটির নতুন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসাবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর দায়িত্বভার গ্রহণ করেন। দলের সূত্র জানায়, শফিকুর রহমান গ্রেফতার হওয়ার পর দলের নীতি নির্ধারণী ফোরাম গতকাল বিকালে আলোচনায় বসে এ সিদ্ধান্ত গ্রহণ করে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গ্রেফতার হলে সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হন। পুলিশের সাথে সংঘর্ষ ও যানবাহন ভাংচুর মামলায় তাকে পুলিশ গ্রেফতার করার পর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে শফিকুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছিল। সর্বশেষ রফিকুল ইসলাম খানকে এ পদে বসানোর সিদ্ধান্ত হয়। তবে মহানগর জামায়াতের আমীর পদে কাকে দায়িত্ব দেয়া হবে সে ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। তবে আজ-কালের মধ্যে মহানগর আমীর নিয়োগ দেয়া হতে পারে।
