বিশ্বে সম্প্রতি শিশু পাচারের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। জাতিসংঘের এক গবেষণায় দেখা গেছে, বিশ্বে যতজন পাচারের সম্মুখীন হচ্ছেন তার ২৭ শতাংশ শিশু। এদের মধ্যে আবার মেয়ে শিশুর সংখ্যা বেশি। বিশ্বের ১শ’ ৩২টি দেশের ২০০৭ থেকে ২০১০ সালের বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর (ইউএনওডিসি)।
সংস্থার বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, পাচার হওয়া মোট শিশুর মধ্যে ১৮ বছরের নিচে মেয়ে শিশুর সংখ্যা দুই-তৃতীয়াংশ এবং মোট মানব পাচারের ১৫ থেকে ২০ শতাংশ। নারীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি পাচারের ঘটনা ঘটছে যা মোট মানব পাচারের ৫৫ থেকে ৬০ শতাংশ। পৃথিবীজুড়ে যত পাচারের ঘটনা ঘটছে এর মধ্যে নারী ও মেয়ে শিশু পাচারের ঘটনা ঘটছে শতকরা ৭৫ ভাগ। মোট পাচারের মধ্যে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ৬৮ শতাংশ এবং দক্ষিণ ও পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ৩৯ শতাংশ শিশু পাচারের ঘটনা ঘটছে।
