মিসরে আজ শনিবার গণভোট। বিতর্কিত নতুন সংবিধান প্রশ্নে গণভোটে রাজপথে সহিংসতায় আরো বেশি রক্তক্ষয়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন নেতৃ স্থানীয় এক বিরোধীদলীয় সদস্য। বিরোধীদলীয় ‘ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট’-এর নেতৃ স্থানীয় সদস্য আহমেদ সাঈদ বলেন, রাজপথে প্রতিবাদ-বিক্ষোভে চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে যে গণভোট চাপিয়ে দেয়া হচ্ছে তাতে সহিংসতা দেখা দিতে পারে, বিশেষ করে সংবিধানের পক্ষের এবং বিপক্ষের ভোটারদের উপস্থিতিতে নতুন করে আরো রক্তক্ষয়ের আশঙ্কা আছে। “আমার ধারণা, গণভোটের সময় ভীষণ গোলযোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হবে; রক্তক্ষয় ঘটবে। আর সে কারণে গণভোট করাটাই ঠিক না,” রয়টার্সকে বলেন তিনি। সাঈদ একইসঙ্গে ‘লিবারেল ফ্রি ইজিপশিয়ান পার্টিরও নেতা। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি আহূত গণভোট নিয়ে মিসরে যে তিক্ত পরিস্থিতি বিরাজ করছে তাতে এ ভোট অনুষ্ঠান করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেন সাঈদ। মিসরীয়দেরকে ভোটে বিতর্কিত নতুন সংবিধান গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করতে হবে।
গণভোটের বিরোধীরা মিসরীয়দেরকে ‘না’ ভোট দেয়ার আহ্বান জানালেও ভোটের ফল শেষ পর্যন্ত সংবিধানের পক্ষেই যাবে বলে ধারণা করা হচ্ছে। পর্যবেক্ষকরাও গণভোটের সময় ব্যাংকে সহিংসতায় আশঙ্কা প্রকাশ করেছেন।
প্রস্তাবিত সংবিধান মিসরের আট কোটি নাগরিকের প্রতিনিধিত্ব করে না বলে সংবিধান ও গণভোট প্রত্যাখ্যান করে আসছে বিরোধীদলগুলো। ওদিকে, গণভোটের পক্ষে রয়েছে মুরসি ও তার সমর্থক ইসলামপন্থিরা।
