নাসারও ভুল হয়
নাসারও যে ভুল হয় তার প্রমাণ মিলল সমপ্রতি রাশিয়ার মহাকাশচারী ইউরি ম্যালেনচেঙ্কোর তোলা একটি ছবি নিয়ে। পৃথিবীপৃষ্ঠ থেকে ৩৭০ কিলোমিটার উঁচুতে থাকা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে বরফে ঢাকা একটি শৃঙ্গের ছবি তোলেন তিনি। আর সেটিকে মাউন্ট এভারেস্ট বলে ভুল করেন তিনি। নাসার ওয়েবসাইটে দেয়া হয় ছবিটি। কিন্তু নেপালিদের চোখে ধরা পড়ে সেই ভুল। বৃহস্পতিবার ভুল স্বীকার করে ওয়েবসাইট থেকে ছবিটি তুলে নেয় নাসা। আসলে সেটি ছিল কারাকোরাম পর্বতমালার ‘সাসের মাসটাঙ্গ’ শৃঙ্গ। -জি নিউজ
মোনালিসার ‘কঙ্কাল’ উদ্ধার
মোনালিসার হাসিতে মুগ্ধ হন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কিন্তু তার হাসির পিছনে কী রহস্য লুকিয়ে আছে, তা বের করা বোধহয় এখন সময়ের ব্যাপার মাত্র। তেমনটাই মনে করছেন প্রত্নতত্ত্ববিদরা। ওই ছবিটির জন্য যিনি মডেল হয়েছিলেন, সমপ্রতি তার কঙ্কাল ইটালির প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পেয়েছেন। কঙ্কালের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানান তারা। তাই সবকিছু যদি ঠিকঠাক মতো হয়, তাহলে বের হয়ে আসবে তার নয়নজুড়ানো হাসির রহস্য। -ডেইলি মেইল
মালালার পথে চলতে নারাজ !
মালালা ইউসুফজাই। সাহসিকতার জন্য যে সারাবিশ্বে এখন ব্যাপক পরিচিত। সেই সাহসিনীকে কুর্নিশ জানানোর পরিবর্তে তার পথে চলতে নারাজ তারই জেলার একদল ছাত্রী! সমপ্রতি পাকিস্তানের সোয়াতে সইদু শরিফ শহরের গভর্নমেন্ট গার্লস ডিগ্রি কলেজের নাম বদলে রাখা হয় ‘মালালা কলেজ ফর গার্লস’। কিন্তু এই নাম বদলের ঘটনায় বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়ে কলেজ ছাত্রীরা। তাদের বক্তব্য- এমনিতেই তারা তালেবানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছে। আর যদি এটা হয় তাহলে তো রক্ষা নেই। তাই মৃত্যুভয়ের চেয়ে আপসই ভাল। -এনডিটিভি
দক্ষিণ সুদানে নিহত-৯
দক্ষিণ সুদানের উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়াও শহরে একটি বিক্ষোভে নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে সেদেশের সেনাবাহিনী। এতে ঘটনাস্থলে ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক বিক্ষোভকারী জানান, শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে হঠাত্ করে সেনাবাহিনী তাদের উপর চড়াও হয়। এ সময় তাদের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। -আল জাজিরা
