সেতু ভেঙ্গে শরীয়তপুর-মাদারীপুর সড়কে যান চলাচল বন্ধ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২০:৫৫
শরীয়তপুর-মাদারীপুর সড়কের টেকেরহাট বেইলি সেতুর পাত ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শরীয়তপুর সদর উপজেলার টেকেরহাট কীর্তিনাশা নদীর উপর বেইলি সেতুটি দীর্ঘদিন যাবত্ ঝুঁকিপূর্ণ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, শরীয়তপুর-মাদারীপুর সড়কের কীর্তিনাশা নদীর উপর আংগারিয়া, খোয়াজপুর ও টেকেরহাটে তিনটি বেইলি সেতু দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ প্রায়ই সেতু ভেঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কীর্তিনাশা নদীর টেকেরহাট বেইলি সেতুর পাটাতন ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা মেরামতের কাজ করছে। শনিবার সকাল থেকে এই সেতু দিয়ে পুনরায় যান চলাচলের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ জানায়। সেতু দিয়ে যানবাহন চলাচল না করায় চট্টগ্রাম-মংলা সড়কের যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি আটকা পড়েছে। শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, সড়কের সেতু তিনটি নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় আছি। বেইলি সেতুর স্থলে নতুন সেতু তৈরি না করা পর্যন্ত মানুষের দুর্ভোগ কমানো যাবে না।