ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:০৯
নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচিগুলোতে যুদ্ধাপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণস্থ কবরস্থান, জগন্নাথ হল প্রাঙ্গণস্থ স্মৃতিসৌধ ও বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গমন ও পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভা এবং বাদ জুমআ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল মসজিদ ও উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে ১৬ ডিসেম্বরে মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে ‘বিজয় শোভাযাত্রা’ বের করবে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা। অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হবে।