মুক্তিযুদ্ধের বন্ধু সাংবাদিক কৃষ্ণ দেবনাথ ইত্তেফাকে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২২:৩৬
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, একাত্তরের রণাঙ্গনের সমর সাংবাদিক কৃষ্ণ দেবনাথ এখনও দৈনিক ইত্তেফাকের স্মৃতিধারণ করে আছেন হূদয়ের গহীন কোণে। ভুলতে পারেননি প্রচীন ঐতিহ্যবাহী পত্রিকাটিকে। মুক্তিযুদ্ধের বন্ধুদের সম্মাননা জানাতে বাংলাদেশ সরকার আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা এসে তাই সোজা চলে এলেন কাওরানবাজার ইত্তেফাক অফিসে। গতকাল শুক্রবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সহায়তায় ইত্তেফাকে এসে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এই সমর সাংবাদিক। সেই সময় সঙ্গে ছিল ১৩৭৯ সালের এক পৌষ, শনিবারের এক ইত্তেফাক, যাতে ছাপা হয়েছিল তার একটি লেখা। উষ্ণ অভ্যর্থনা জানানোর পর কৃঞ্চ দেবনাথকে ইত্তেফাকের সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন চিফ রিপোর্টার নাজমুল হাসান বাবুল। এ সময় উপস্থিত ছিলেন সিটি এডিটর আবুল খায়ের, যুগ্ম-বার্তা সম্পাদক মলয় পাঁড়ে, সাজ্জাদ হোসেন, অশোক কুমার সিংহ প্রমুখ। কৃষ্ণ দেবনাথের জন্ম ১৯৩৭ সালের ২৬ অক্টোবর বাংলাদেশের খুলনা জেলার নৈহাটিতে মাতামহের গৃহে। তাদের পৈতৃক নিবাস খুলনা জেলার ফকিরহাটের ষাটতলা গ্রামে। ১৯৫২ সালের মাঝামাঝি নৈহাটি বিদ্যালয়ে বেতন বকেয়ার অজুহাতে তার নাম কেটে দেয়া হলে পরে তিনি ভারতে এসে পড়াশোনা করেন। তিনি বাংলাদেশের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৫৭ সালে দৈনিক লোকসেবক পত্রিকার সঙ্গে সাংবাদিক হিসেবে যুক্ত হন। ১৯৬২ সালে যোগদেন দৈনিক বসুমতীতে। ১৯৬৩ সালে সীমান্ত সংবাদদাতা নিযুক্ত হন আনন্দবাজার পত্রিকায়। ১৯৭১ সালের ৭ মার্চ ও পরে পূর্ব পাকিস্তানে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র গড়ার আহ্বান ও প্রস্তুতির সময় থেকে সেখানকার সমস্ত সংবাদ আন্তর্জাতিক রাষ্ট্রীয় সীমানার ওপার থেকে সংগ্রহ করে প্রকাশ করতেন। এই সময় মুক্তিযোদ্ধাদের সঙ্গে থেকে তাদের ডিজেল, পেট্রোল ও প্যাকেট খাবার দিয়ে এবং অন্যান্যভাবে সহায়তা করেছেন। ১৯৭১ সালের ডিসেম্বরে বাংলাদেশে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ভারত সরকারের প্রতিরক্ষা দফতরের স্বীকৃত সময়-সাংবাদিক হিসেবে তিনি অগ্রবর্তী ঘাঁটি থেকে কামানে-বিমানে-সাবমেরিনে লড়াইয়ের রুদ্ধশ্বাস সংবাদ পাঠাতেন। এছাড়া মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে বিতাড়িত শরাণার্থীদের আশ্রয় ও অন্যান্য সহায়তার ব্যাপারে গঠিত সংগঠনের সঙ্গে তার সক্রিয় যোগাযোগ ছিল। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের তিনি অকৃত্রিম সুহূদ। তিনি সাংবাদিকদের সংগঠন ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সভাপতি ছিলেন।