রাজধানীতে বিয়ের রান্না করতে গিয়ে এলপি গ্যাস দুর্ঘটনায় ১ জন নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২২:৩৮
রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল শুক্রবার এলপি (লিকুইড পেট্রোলিয়াম) গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় ১ জন নিহত ও ৭ জন অগ্নিদগ্ধ হয়েছে। বিয়ের অনুষ্ঠানের রান্না করার জন্য ভোর সাড়ে ৫ টার দিকে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। নিহত ব্যক্তি হলেন ওমর ফারুক (৪০)। আহত হয়েছে ওমর ফারুকের স্ত্রী নাজমা (২৬) ও তাদের সন্তান নিহান (৪), ওমর ফারুকের বোন তাসলিমা (২৪) ও তার মেয়ে সুস্মিতা (৪) ও ছেলে তানভীর (৩), পারুল (২৮) ও তার ছেলে আরমান (৬)। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করা হলে ওমর ফারুক বিকাল সাড়ে ৪ টায় মারা যান। তার স্ত্রী নাজমা বেগম শরীরের ৬০ ভাগ অগ্নিদগ্ধ হয়েছেন। নিহত ওমর ফারুকের চাচাতো ভাই মাহমুদুল হাসান জানান, পারুলের ভাইয়ের বিয়ে উপলক্ষে তারা সবাই কুমিল্লা থেকে চাচা আবদুর রশিদের যাত্রাবাড়ীর বাগিচা রোডের আজাদের বাড়ির দোতলার ফ্ল্যাটে আসেন। ভোর সাড়ে ৫ টার দিকে রান্নার জন্য নাজমা বেগম গ্যাসের অটো চুলা জ্বালাতে গেলে জ্বলে না। ঐ সময় ওমর ফারুক ঘুম থেকে উঠে চুলা জ্বালাতে সাহায্য করতে যায়। এক পর্যায়ে এলপি গ্যাস সিলিন্ডারের মুখ দিয়ে প্রচণ্ড বেগে আগুন বের হতে থাকে। এতে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়লে সবাই অগ্নিদগ্ধ হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। নিহত ওমর ফারুকের বিবির বাগিচায় একটি মুদির দোকান রয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের চিকিত্সকরা জানান, আহতদের মধ্যে নাজমার শরীরের ৬০ ভাগ অংশ অগ্নিদগ্ধ হয়েছে। অন্যদের ৩০ ভাগ পর্যন্ত দগ্ধ হয়েছে।