জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড পাঠিয়েছে আদালত। গতকাল শুক্রবার ঢাকার মহানগর হাকিম মো. সাইফুর রহমান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য শফিকুরকে ১০ দিনের হেফাজতে নেয়ার আবেদন করেন। এ সময় তার জামিন চেয়ে আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন। রিমান্ডের আবেদনে বলা হয়, শফিকুরের ধানমন্ডির বাসার শোবার ঘর থেকে ১০টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। তিনি দেশে নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত এবং নাশকতার পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এজন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া প্রয়োজন।
জামায়াতে ইসলামীর এ নেতার জামিন চেয়ে আদালতে শুনানি করেন আইনজীবী আব্দুর রাজ্জাক, সানাউল্লাহ ও মশিউল আলম। গত বুধবার ধানমণ্ডির বাসা থেকে শফিকুরকে গ্রেপ্তার করে র্যাব। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার হওয়ার পর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব দেয়া হয় তার অন্যতম সহকারী এটিএম আজহারুল ইসলামকে। কিন্তু গত আগস্টে আজহারুলও একই অভিযোগের মামলায় গ্রেপ্তার হলে শফিকুর ওই দায়িত্ব পান।
