অধিকাংশ মানুষের ক্ষেত্রেই বিয়ে অনুষ্ঠানের আনন্দ জীবনে একবারই আসে। আর তাই বিয়ের এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে প্রত্যেকেই তার সাধ্যমতো চেষ্টাটুকু করেন। যদিও নিজের বিয়েকে খানিকটা ব্যতিক্রমী আর স্মরণীয় করে রাখতে গিয়েই এবার চাকরি হারিয়েছেন চীনের ইউনান প্রদেশের ইলিয়াং শহরের এক ব্যক্তি। পেশায় অগ্নি নির্বাপন বিভাগের কর্মী ও সংস্থাটির ইলিয়াং শাখার এই প্রধানের বিরুদ্ধে তার বিয়ের শোভাযাত্রায় ক্ষমতার অপব্যবহার করে অগ্নি নির্বাপণের জন্য ব্যবহূত গাড়ি ও সরকারি যানবাহন ব্যবহারের অভিযোগ আনা হয়েছে এবং এই অভিযোগে সাময়িকভাবে তাকে বরখাস্তও করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, বিয়ের দিন শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য শি ওয়ান নামের এই ব্যক্তি তিনটি ফায়ার ট্রাক বা অগ্নি নির্বাপণের গাড়ি এবং তার বিভাগের আরও কিছু সরকারি গাড়ি ব্যবহার করার নির্দেশ দেন। এ ছাড়া সবাইকে চমকে দেওয়ার অংশ হিসেবে সেদিন অর্ধেকের বেশি অগ্নি নির্বাপণ কর্মীকেও কনে আনা নেওয়ার সময়ের শোভাযাত্রায় নানা কাজে নিয়োজিত করা হয়। অফিসের বড়কর্তাকে খুশি করার জন্য এই কর্মীরাও ব্যতিক্রমী ও চোখ ধাঁধানো এই বর-কনের যাত্রায় রীতিমতো সাইরেন বাজিয়ে ও জরুরি অবস্থার মতো লাইট জ্বালিয়ে শহর প্রদক্ষিণ করতে করতে অতিথিদের নিয়ে যান বিয়ে অনুষ্ঠানের ভেন্যু হিসেবে নির্ধারিত হোটেলে। তবে গোল বাঁধে যখন শি ওয়ানের এই বর্ণাঢ্য শোভাযাত্রার খবর ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এতে শহরের অনেক বাসিন্দাই তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং অগ্নি-নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে অর্ধেকের বেশি কর্মী ও গাড়ি নিয়ে শোভাযাত্রার আয়োজন করায় শি ওযানের কঠোর সমালোচনা করেন। পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাকে বরখাস্ত করা হয় এবং এ সম্পর্কে আনুষ্ঠানিক এক বার্তায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যেকোনো ধরনের অনুমতি ছাড়া এভাবে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করার কারণে স্কোয়াড্রন কমান্ডার শি ওয়ানকে বরখাস্ত করা হয়েছে।
