১০ লক্ষাধিক বিদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠাবে থাইল্যান্ড ব্যাংকক থেকে রয়টার্স

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪০
কাজের অনুমোদনের মেয়াদ পেরিয়ে যাওয়ায় থাইল্যান্ডে কর্মরত ১০ লাখেরও বেশি বিদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠানো হবে। শুক্রবার তাদের এ মেয়াদ শেষ হয়েছে। থাইল্যান্ডের বিদেশি শ্রমিক বিষয়ক দপ্তরের পরিচালক দেচার পেউকপাত্তানারুক বলেন, “শুক্রবারের পর থাইল্যান্ডে যারা অবৈধভাবে কাজ করছেন তাদের দেশে ফিরে যেতে হবে এবং কেবল বৈধ কর্তৃপক্ষের মাধ্যমেই তারা আবার কাজে ফিরতে পারবেন।” দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ড বিদেশি শ্রমিকদের ওপর অনেকাংশে নিভরশীল। দেশটিতে অবস্থানরত বিদেশি শ্রমিকদের ৮০ শতাংশই প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে সেখানে গেছে। ২০১১ সালের সরকারি হিসাব অনুযায়ী, থাইল্যান্ডে প্রতিবেশী মিয়ানমার, কম্বোডিয়া ও লাওসসহ বিভিন্ন দেশের ২০ থেকে ২৫ লাখ বিদেশি শ্রমিক রয়েছে। থাই সরকার বলছে, অবৈধভাবে কাজ চালিয়ে যাওয়া বিদেশি শ্রমিকরা বিভিন্ন সহিংসতা ও অবিচারের ঝুঁকিতে থাকেন। তবে বেশিরভাগ শ্রমিককে ফেরত পাঠানো হলে ইতোমধ্যে শ্রমিক সঙ্কটে থাকা থাইল্যান্ডের জনশক্তির বাজার আরো হুমকির মুখে পড়বে বলে মনে করছে দেশটির জনশক্তি আমদানিকারী প্রতিষ্ঠানগুলো। দেশটিতে অবস্থানরত বিদেশি শ্রমিকদের সনাক্তকারী প্রকল্পের আওতায় কাজের অনুমোদনের জন্য বা তা নবায়নের জন্য আবেদন করার আদেশ দিয়েছে সরকার। আবেদন গৃহীত হলে আগামী জানুয়ারি মাস থেকে থাই নাগরিক শ্রমিকদের মতোই সুবিধা পাবেন অনেক বিদেশি শ্রমিক। দেশটির শ্রম মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিদেশি শ্রমিক সনাক্তকারী প্রকল্পের আওতায় ৭ লাখ ৪৩ হাজার ৯৬৩ বিদেশি শ্রমিক আবেদন করেছেন। এ সংখ্যা দেশটিতে থাইল্যান্ডে মোট বিদেশি শ্রমিকদের সংখ্যার অর্ধেকেরও কম।