পাকিস্তান থেকে দেশে ফিরতে অনিচ্ছুক আফগান শরণার্থীরা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪১
জাতিসংঘ ও ইসলামাবাদের চাপ সত্ত্বেও পাকিস্তানে আশ্রয় নেয়া আফগান শরণার্থীদের অনেকেই দেশে ফিরতে চাচ্ছে না। পাকিস্তানে বর্তমানে ১৬ লাখ আফগান শরণার্থী রয়েছে। আফগান শরণার্থী ট্রাক চালক মালাক নাদের বলেন, ‘কেউ কেউ মনে করেন আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। তাদের এ ধারণা ভুল’। তিনি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মারদানের উপকণ্ঠে জালালা শরণার্থী শিবিরে থাকেন। এখানে ৫শ’ পরিবার আশ্রয় নিয়েছে। নাদের বলেন, ‘আফগানিস্তানে আমরা সরকারকে সমর্থন করলে তালেবান সদস্যরা পরের দিনই আমাদের গলা কেটে নেবে। আবার তালেবানকে সমর্থন করলে যৌথবাহিনীর সৈন্যরা আমাদের ওপর বোমা ছুঁড়ে মারবে।’ ১৯৮০’র দশকের গোড়ার দিকে সাবেক সোভিয়েত সৈন্যদের আফগানিস্তানে আগ্রাসনের পর পঞ্চাশ লাখেরও বেশি আফগান তাদের মাতৃভূমি ছেড়ে পাকিস্তানে পালিয়ে যায়। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর আগ্রাসনে তালেবান সৈন্যদের পতনের পর এ পর্যন্ত ৩৮ লাখ শরণার্থী আফগানিস্তান ফিরে যায়। তবে যতই ২০১৪ সাল এগিয়ে আসছে শরণার্থীদের পাকিস্তান ত্যাগের চাপ ততই বাড়ছে।