সাতকানিয়ায় বেড়েছে ট্রান্সফরমার চুরির ঘটনা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪৭
চট্টগ্রামের সাতকানিয়ায় পল্লী বিদ্যুত্ সমিতি-১ এলাকায় গত একমাসে ১৪টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। আমিলাইষ এলাকায় এক রাতে ৬টি ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছে। পল্লী বিদ্যুত্ অফিস সূত্রে জানা যায়, গত একমাসে ইছামতি ২টি, চরতী ইউনিয়নে ৬টি, ঢেমশায় ২টি ও ৪ ডিসেম্বর আমিলাইষ ইউনিয়নের তিনটি ওয়ার্ড থেকে সংঘবদ্ধ চোরের দল একসাথে ৬টিসহ মোট ১৪টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। আমিলাইষ ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার মঞ্জুরানী মঞ্জু বলেন, হঠাত্ করে আমার ৩টি ওয়ার্ড থেকে সংঘবদ্ধ চোরের দল রাতের অন্ধকারে একসাথে ৬টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাওয়ায় গ্রামের কয়েক শতাধিক পরিবার এক সপ্তাহ ধরে অন্ধকারে রয়েছেন। কেরানীহাট পল্লী বিদ্যুত্ শাখার এজিএম মো. আবুল বশর জানান, নিয়মানুযায়ী আমিলাইষ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের গ্রাহকরা এখনো পর্যন্ত টাকা জমা না দেয়ায় সেখানে নতুন ট্রান্সফরমার দেয়া হয়নি।