শালিখা উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নে সোনালী, জনতা ও কৃষি ব্যাংকের একাধিক শাখা থাকলেও উপজেলার শালিখা ইউনিয়নে কোন ব্যাংকের শাখা নেই। ফলে এলাকাবাসী, ব্যবসায়ী ও চাকরিজীবীদেরকে টাকা-পয়সা লেনদেন ও জমা রাখতে ১০ কিলোমিটার দূরে অন্যান্য ব্যাংকের শরণাপন্ন হতে হয়। আর্থিক লেনদেন এবং বাড়িতে টাকা রাখার ক্ষেত্রে প্রায়শই এলাকাবাসীকে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। এ ইউনিয়নে এক সময় সোনালী ব্যাংকের একটি শাখা ছিল। উপজেলা প্রতিষ্ঠার পর এই শাখাটি ১০ কিলোমিটার দূরে উপজেলা সদর আড়পাড়াতে স্থানান্তরিত করা হয়। তারপর থেকে এখানে কোন ব্যাংকের শাখা নেই।
শালিখা উপজেলা সাধারণত কৃষিপ্রধান এলাকা হিসাবে চিহ্নিত হওয়ায় এলাকাবাসীর দাবি এই ইউনিয়নে হাজরাহাটির টেকেরবাজারে একটি কৃষি ব্যাংকের শাখা খোলা হোক। কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এই ইউনিয়নের যথেষ্ট গুরুত্ব রয়েছে। হাজরাহাটিতে রয়েছে বড় ধরনের ধান,পাটের ব্যবসা কেন্দ্র, উপজেলা ৫০ শয্যার হাসপাতাল, হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র, হাইস্কুল, প্রাইমারী স্কুল, মাদ্রাসা, কিন্ডার গার্টেন, বিভিন্ন এনজিও, সৌর বিদ্যুতের একাধিক অফিস। বিদেশে চাকরিজীবীর সংখ্যাও রয়েছে প্রচুর। এছাড়া গ্রামে গ্রামে গ্রীল কাটা চোরের উত্পাত বৃদ্ধি পাওয়ায় টাকা-পয়সা বাড়িতে রেখে দুশ্চিন্তায় ভোগে গ্রামের মানুষ। এখানে একটি কৃষি ব্যাংকের শাখা স্থাপন করা হলে এলাকার চাষীরা কৃষিঋণের জন্য দূর-দূরান্তের ব্যাংকে ছোটাছুটি করতে হবে না। এছাড়া ব্যবসায়ী, চাকরিজীবী ও এলাকাবাসী নিরাপদে ব্যাংকে টাকা রেখে দুশ্চিন্তামুক্ত থাকতে পারবেন।
সরদার ফারুক আহমদ, শালিখা, মাগুরা।
