নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন কাঁচাবাজারে গত শুক্রবার আকর্ষণীয় এক কবুতর মেলার আয়োজন করা হয়। অসংখ্য নয়নলোভা কবুতর প্রদর্শন, শ্রেষ্ঠ কবুতর চাষীর পুরস্কার ও সনদ প্রদান এবং আকর্ষণীয় পায়রার লড়াই ছিল মেলার উল্লেখযোগ্য আকর্ষণ।
কবুতর চাষী আবুল হোসেনের সভাপতিত্বে কবুতর মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভুঁইয়া রিটন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাজী শফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এমএ রশিদ প্রমুখ। ঢাকা, মাধবদী, রূপগঞ্জ, রায়পুরা, নরসিংদী, পলাশ, বেলা, শিবপুর, মনোহরদী, কুলিয়ারচর, কটিয়াদীসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় সাড়ে ৩শ জোড়া কবুতর মেলায় স্থান পায়। নবীনগর থেকে আসা কবুতর চাষী ফারুক মিয়ার ব্লোস্টার নামের এক জোড়া কবুতর বিক্রি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। এছাড়া ঢাকার উত্তরার জাকির হোসেন মিয়া মেকপাই পোটার নামে একজোড়া কবুতরের সর্বোচ্চ দাম ওঠে ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া নরসিংদীর ডা. অর্জুন কুমার দাসের বল কবুতরের দাম ওঠে ৮০ হাজার টাকা। প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার ফারুক মিয়া শ্রেষ্ঠ কবুতর চাষী হিসেবে প্রথম পুরস্কার লাভ করেন।
