ভারতের আইন ও বিচার মন্ত্রী ড. অশ্বিনী কুমার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন, তার দেশ পার্লামেন্টে স্থল সীমান্ত চুক্তি ও এর প্রটোকল অনুমোদনের জন্য আন্তরিকভাবে কাজ করছে। ভারতীয় মন্ত্রী গত শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে একথা জানান।
ড. অশ্বিনী কুমার তার প্রয়াত পিতা প্রবোধ চন্দ্রের পক্ষে ‘বাংলাদেশের বন্ধু’ সম্মাননা গ্রহণের জন্য বর্তমানে ঢাকা সফরে রয়েছেন। তার পিতা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অসামান্য অবদান রেখেছেন।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের বলেন, তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে দু’দেশের প্রধানমন্ত্রীর সফরের সময় স্বাক্ষরিত চুক্তিগুলোর বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। ভারতের আইন ও বিচার মন্ত্রী রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক খাতে বাংলাদেশের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি তার পিতাকে ‘বাংলাদেশের বন্ধু’ সম্মাননা প্রদানের জন্য বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় এ্যাম্বাসেডর-এ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ এম ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ এবং ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ উপস্থিত ছিলেন।
