দুদকে হাজির হতে হবে জাপা নেতা রুহুল আমিনকে

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২১:৪৮

হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত

ইত্তেফাক রিপোর্ট

তলবের নোটিসে দুদকে হাজির হতেই হচ্ছে জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে। দুদকের ওই নোটিসের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।

আদেশের পর দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, এর ফলে জাপা নেতার বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম চলতে আর কোনো আইনগত বাধা নেই। একইসঙ্গে তাকে হাজির হতে হবে দুদকে।

দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য রুহুল আমিনকে গত ২৮ মার্চ চিঠি দেয় দুদক। ওই চিঠি অনুযায়ী ৩ এপ্রিল তার হাজির হওয়ার কথা ছিল। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি। শুনানি নিয়ে ওইদিনই হাইকোর্ট দুদকের নোটিসের কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করে দেয়। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক। আবেদনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও জাপা নেতার পক্ষে শফিক আহমেদ ও এএম আমিনউদ্দিন শুনানি করেন। শুনানি শেষে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়।