বিএনপি কার্যালয়ে আট দিন ধরে আছেন রিজভী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২২:২৬
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আট দিন ধরে অবস্থান করছেন। সেখান থেকে বের হলেই গ্রেফতার করা হবে-এমন আশংকায় তিনি দলীয় কার্যালয় থেকে বেরুচ্ছেন না। পোশাক পরিহিত এবং সাদা পোশাকধারী পুলিশও বিএনপি কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় আট দিন ধরে অবস্থান করছে। গত ৮ ডিসেম্বর অবরোধের আগের দিন শনিবার সকালে বাসা থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে আসেন তিনি। এর পর আর বাসায় ফিরতে পারেননি। রিজভীর নামে তিনটি মামলা রয়েছে। দুটি মামলায় তিনি জামিনে আছেন। রিজভী ইত্তেফাককে বলেন, ওরা বাইরে ওত পেতে আছে, আমি এই অফিসের চৌকাঠ পেরুলেই ছোঁ মেরে তুলে নিয়ে যাবে। বাইরে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মতিগতি মোটেই সুবিধার মনে হচ্ছে না। এদিকে গত বৃহস্পতিবার হরতালের দিন পুলিশ একবার জোর করে বিএনপি কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে দলের কয়েকজন সিনিয়র নেতা ও এমপির বাধার কারণে ঢুকতে পারেনি। রিজভী আহমেদ বলেন, সরকারের নানামুখী নির্যাতনের যে প্রক্রিয়া চলছে তার অংশ হিসেবেই আমাকে গ্রেফতার এড়িয়ে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ থাকতে হচ্ছে। এখানে থাকার কারণে যুগ্ম মহাসচিব হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারছি না।