পেশোয়ার বিমানবন্দরে জঙ্গি হামলায় নিহত ১০

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২০:৫৭
পাকিস্তানের পেশোয়ারে এয়ারপোর্টে হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান। বাচা খান আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরের বিমান বাহিনীর ঘাঁটিতে শনিবার রাতে জঙ্গি হামলায় অন্তত ৭ জন নিহত এবং ৪০ জন আহত হয়। জঙ্গিরা রকেট লঞ্চারসহ পাকিস্তানের উত্তর-পশ্চিমের শহর পেশোয়ারের এই বিমানবন্দরে হামলা করে। খবর আল জাজিরা ও ডনের। খাইবার পাখতুন খাওয়ার প্রদেশের তথ্যমন্ত্রী মিয়া ইফতেখার হুসেন রবিবার জানান, ৪ জনের একটি দল হামলা পরিচালনা করে । একজন হামলাকারী শরীরে বোমা বেঁধে গাড়ি চালাচ্ছিল। সে তার গাড়ি নিয়ে বিমানবন্দরের বাইরের দেয়ালে ধাক্কা দেয়। এ সময় রকেট হামলাও করা হয়। তবে জঙ্গিরা তাদের মূল টার্গেটে পৌঁছাতে ব্যর্থ হয়। চার জঙ্গির মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পেশোয়ার বিমানবন্দর এবং বিমান ঘাঁটি নিরাপদ রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রকেট হামলায় বিমান ঘাঁটির একটি দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান বাহিনীর াএকজন মুখপাত্র জানান, কোন জঙ্গি ঘাঁটির ভেতর ঢুকতে পারেনি। নিরাপত্তাকর্মীরা পুরোপুরি সতর্ক ছিল। পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। নিক্ষিপ্ত ৩টি রকেট পার্শ্ববর্তী আবাসিক এলাকায় আঘাত করে। পাকিস্তানি তালেবান আত্মঘাতী হামলার কথা স্বীকার করেছে, যার কারণে বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছে। তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান এএফপিকে বলেন, আমরা এই বিমানবন্দরে আরো হামলা চালাবো।