ফুলবাড়িতে ঘোড়দৌড় প্রতিযোগিতা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:১৬
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল রবিবার বিকালে দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজ মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধন করেন ফুলবাড়ি পৌরসভার মেয়র মো. মুরতুজা সরকার মানিক। প্রতিযোগিতায় ২০ জন ঘোড় সওয়ার তাদের ঘোড়াসহ অংশগ্রহণ করেন। ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে মাঠে সহস্রাধিক নারী-পুরুষ, শিশু-কিশোর সমবেত হয়। প্রতিযোগিতায় ঘোড়সওয়ারী হিসেবে ২ শিশু অংশগ্রহণ করে। এরা হলো- উপজেলার শিকারপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে রাসেল বাবু (১০), ঝাঝিরা গ্রামের শামসুল আলমের ছেলে মো. বাপ্পি (১০)। দৃষ্টিনন্দন ঘোড়দৌড় প্রদর্শন করে মাঠে উপস্থিত দর্শকদের তাক লাগিয়ে দেয় বাপ্পি। সে রুদ্রানী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। ঘোড়দৌড় উপভোগ করতে আসা কাটাবাড়ী গ্রামের শামীমা আক্তার, সুজাপুর গ্রামের নাজমুন নাহার বলেন, আমরা তো বটেই আমাদের ছেলে-মেয়েরাও বাস্তবে কোনোদিন ঘোড়দৌড় দেখেনি। তার শিশু কন্যা নাফিসা নোশিন জানায়, ঘোড়দৌড় দেখে খুব মজা পেয়েছি। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মো. শামীম রেজা, দ্বিতীয় মো. দেলোয়ার হোসেন এবং তৃতীয় মো. আলম। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৌর মেয়র মো. মুরতুজা সরকার মানিক। অংশগ্রহণকারী শিশু রাসেল বাবু ও বাপ্পিসহ অন্যদেরকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। পৌর মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, ঘোড়া আমাদের ঐতিহ্যবাহী বাহন; কিন্তু কালের বিবর্তনে ঘোড়া হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে ঘোড়াকে পরিচিত করাতে এবং এর ব্যবহার অব্যাহত রাখতেই এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন।