বিতার্কিকদের মিলন মেলার মধ্য দিয়ে শনিবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মিলনায়তন অডিটরিয়ামে দু’দিনব্যাপী বিতর্ক উত্সব সমাপ্ত হয়েছে। ফাইনালে ‘স্বাধীনতা আজ বন্দি’ এ বিষয়ের পক্ষে-বিপক্ষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও শেরেবাংলা মেডিক্যাল কলেজ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল রাউন্ডে স্পিকারের দায়িত্বে ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সভাপতি এ কে এম শোয়েব। প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. মতিউর রহমান। বিতর্ক উত্সবে দেশের সরকারি-বেসরকারি ৭৫টি মেডিক্যাল কলেজ থেকে বিতার্কিকরা অংশ নেয়। ‘যুক্তির সৌন্দর্যে সেবা হোক আলোকিত’ এ শ্লোগান নিয়ে বাংলাদেশ বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ও ময়মনসিংহ মেডিক্যাল ডিবেটিং সোসাইটির যৌথভাবে এ জাতীয় বিতর্ক উত্সবের আয়োজন করে। দৈনিক ইত্তেফাক, ৭১ টেলিভিশন, ডেইলী স্টার এবং এফ এম রেডিও এ উত্সবের মিডিয়া পার্টনার ছিল। মিডিয়া পার্টনারদেরকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সভাপতি এ কে এম শোয়েবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. মতিউর রহমান। সমাপনীতে এস কে এফ বাংলাদেশ লিমিটেডের সেলস ম্যানেজার এ বি সিদ্দিক, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ব্রায়ান বংকিন হালদার, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের কো-চেয়ারম্যান ফাহমিদা ইয়াসমীন তাহমিনা, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. মো. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান ভুঁইয়া, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল হক, ময়মনসিংহ মেডিক্যাল ডিবেট সোসাইটির উপদেষ্টা রুহুল আমিন তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
