ক্যান্সার চিকিত্সায় গত সপ্তাহে অস্ত্রোপচারের পরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ‘সম্পূর্ণ বুদ্ধিবৃত্তিক ক্ষমতা’ ফিরে এসেছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। শনিবার এ তথ্য জানান ভেনেজুয়েলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ও শ্যাভেজের জামাতা হোর্হে আর্রিআজা। তবে শ্যাভেজের চিকিত্সা সংক্রান্ত কোনো বিস্তারিত তথ্য জানাননি তিনি। গত মঙ্গলবার কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে শ্যাভেজের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তা সফল হয়েছে বলে জানায় ভেনেজুয়েলা সরকার।
শ্যাভেজের সঙ্গে অবস্তানরত হোর্হে আর্রিআজা ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে এক টেলিফোন সাক্ষাত্কারে বলেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং ক্রমেই উন্নতি হচ্ছে। তার সম্পূর্ণ বুদ্ধিবৃত্তিক ক্ষমতা ফিরে এসেছে, এটি অবহিত করা হচ্ছে ভেনেজুয়েলার জনগণকে। এ নিয়ে চতুর্থবারের মতো ক্যান্সার চিকিত্সায় অস্ত্রেপচার করা হলো শ্যাভেজের। ২০১১ সালের জুন মাসে প্রথমবার অস্ত্রোপচার করা হয় তার। গত অক্টোবরে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই চিকিত্সকরা শ্যাভেজের শ্রোণীর কাছাকাছি আবারো ক্যান্সার আক্রান্ত কোষ খুঁজে পান। শ্যাভেজের শারীরিক অবস্থার কারণে আগামী ১০ জানুয়ারি নতুন মেয়াদে তিনি দায়িত্ব নিতে পারবেন না বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ত্রোপচারের আগে নিজের উত্তরসূরি হিসেবে ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নামও ঘোষণা করেন ভেনেজুয়েলায় নিজস্ব ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা এ নেতা। তবে শ্যাভেজের এ ঘোষণার বিরোধিতা করেছে দেশটির বিরোধী দলগুলো। কোনো কারণে শ্যাভেজ দায়িত্ব গ্রহণ না করতে পারলে সংবিধান অনুযায়ী পরবর্তী এক মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করার দাবি জানিয়েছে তারা।
ফাতিমা সুলতানা
