পৃথিবীর সবচেয়ে নোংরা শহরের তালিকায় স্থান পেয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। জরিপে ‘সবচেয়ে পরিষ্কার রাস্তা’র তালিকায় সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে শহরটি। ‘চলাফেরায় সুবিধাজনক’ শহরের তালিকাতেও সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে শহরটি। এছাড়া ‘সবচেয়ে উদ্ধত স্থানীয় বাসিন্দা’ ও ‘কেনাকাটার জন্য সবচেয়ে খারাপ’ শহরগুলোর মধ্যেও মুম্বাই রয়েছে বলে শনিবার জানিয়েছে ভারতের এনডিটিভি। বিশ্বের ৪০টি পর্যটন শহরের ব্যাপারে ৭৫ হাজারের বেশি অংশগ্রহণকারীর মতামতের ভিত্তিতে এ জরিপ চালায় ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ট্রিপঅ্যাডভাইজর। ট্রিপঅ্যাডভাইজরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরিপে সবচেয়ে পরিষ্কার রাস্তাঘাটের তালিকায় শীর্ষে রয়েছে জাপানের টোকিও শহর। এছাড়া সবচেয়ে সুসজ্জিত, সবচেয়ে ভালো জনযোগাযোগ ব্যবস্থা ও ট্যাক্সি সার্ভিস এবং সবচেয়ে নিরাপদ শহরের তালিকাতেও শীর্ষ স্থানে রয়েছে শহরটি। জরিপ অনুযায়ী, চলাফেরায় সবচেয়ে সুবিধাজনক শহর সুইজারল্যান্ডের জুরিখ।সবচেয়ে উদ্ধত স্থানীয় বাসিন্দারা রয়েছেন রাশিয়ার মস্কোতে। এছাড়া আরো কয়েকটি তালিকার সবচেয়ে শেষের অবস্থানে রয়েছে শহরটি। ‘কেনাকাটার জন্য সবচেয়ে ভালো’ শহর নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। তবে সবচেয়ে পরিষ্কার রাস্তার তালিকায় ২৮তম স্থান পেয়েছে শহরটি।
বিষ্ণু দাশ
