তৃতীয়বারের মতো মহাকাশে অভিযান শুরু করেছে মার্কিন বিমানবাহিনী পরিচালিত স্পেস প্লেন এক্স-৩৭বি। মঙ্গলবার মহাকাশযানটি যাত্রা করলেও এর সময়সূচি নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করেছে মার্কিন সরকার।
মানবহীন স্পেসক্রাফটটি গুপ্তচরবৃত্তিতে ব্যবহার করা হচ্ছে বলেই ব্যপক ধারণার কথা জানিয়েছে বিবিসি। এক্স-৩৭বির অভিযান নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করে চলেছে মার্কিন কর্তৃপক্ষ। অক্টোবর মাসে মহাকাশযানটির অভিযান শুরু হবার কথা থাকলেও তা দু’টি কৃত্রিম উপগ্রহ উেক্ষপণের কারণে পিছিয়ে যায়। কিন্তু মঙ্গলবার গ্রিনিচ মান সময় বেলা ৩টা ৪৫ মিনিট থেকে ৭টা ১৫মিনিটের মধ্যে একটি মহাকাশযান উেক্ষপণের কথা জানিয়েছে ফ্লোরিডার প্যাট্রিক এয়ারফোর্স বেস। এক্স-৩৭বি স্পেস প্লেনের ডিজাইন করেছে অ্যারোস্পেস জায়ান্ট বোয়িং। স্পেস প্লেনটি লঞ্চ করা হয় অ্যাটলাস ফাইভ রকেটের মাধ্যমে। মার্কিন বিমানবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে বলা হচ্ছে, মানববিহীন স্পেসক্রাফট নিয়ে গবেষণায় ব্যবহার করা হচ্ছে এক্স-৩৭বি। তবে এই স্পেস প্লেনটির যাত্রার শুরু থেকেই প্রতিপক্ষের ওপর গুপ্তচরবৃত্তিতে ব্যবহার করা হচ্ছে বলে মনে করা হয় বলে জানিয়েছে বিবিসি। এর আগে ২০১০ সালে এটি ২২৪ দিন এবং ২০১১ সালে রওনা দিয়ে ৪৬৯ দিন আকাশে কাটিয়েছে।
