ধামইরহাট গণকবরগুলো অবহেলিত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২২:৩৩
স্বাধীনতার ৪১ বছর পরও পাক-হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত স্বাধীনতাকামী মানুষের গণকবর ও বধ্যভূমিগুলো আজও অবহেলিত। নওগাঁ জেলা সদর থেকে ৫৬ কিলোমিটার উত্তরে ভারতের কোল ঘেঁষে নওগাঁর ধামইরহাট উপজেলা। স্বাধীনতা যুদ্ধে জেলার বিভিন্ন অঞ্চলে পাক-বাহিনী, রাজাকার, আলবদর বাহিনীর হাতে নির্যাতন ও নিরীহ মানুষ হত্যার ফলে এলাকার লোকজন দলে দলে প্রাণ ভয়ে ধামইরহাট উপজেলার সীমান্ত পথ দিয়ে ভারতে আশ্রয় নেয়। উপজেলার পাগল দেওয়ান মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ উপজেলার সবচেয়ে বড় বধ্যভূমির স্মৃতিচিহ্ন আজও মুছে যায়নি। গণকবর ও বধ্যভূমিগুলো আজ গোচারণে পরিণত হয়েছে। স্বাধীনতার দীর্ঘ ৪১ বছরেও এগুলোর স্মৃতি ধরে রাখার জন্য এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি সরকারিভাবে। প্রত্যন্ত অঞ্চলের এসব হত্যাকাণ্ডের কে খোঁজ রাখে। তাই নীরবে-নিভৃতে গণকবর ও বধ্যভূমিগুলোর স্মৃতিচিহ্ন হারিয়ে যাচ্ছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফরমুদ হোসেন জানান, এসব বধ্যভূমি ও গণকবরগুলো সরকারিভাবে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে এগুলো আজও অবহেলিত।