বরগুনার কাকচিড়ায় বিএনপি অফিসে হামলা, আহত ৭

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২২:৩৪
বরগুনার কাকচিড়ায় বিএনপি অফিসে হামলা চালিয়ে সাত জনকে আহত করা হয়েছে। এসময়ে বিএনপি অফিসের চেয়ারটেবিল, টেলিভিশনসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়। হামলায় ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজ ডিলার (৬০) গুরুতর আহত হন। তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাকচিড়ার বিএনপি নেতা রাসেদুল ইসলাম নাসির জানান, গতকাল রবিবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে তারা বিএনপি অফিসের ভিতরে আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু একটি বিজয় র্যালির নেতৃত্ব দিচ্ছিলেন। বিজয় র্যালিটি বিএনপি অফিসের সামনে আসলে একটি দল বিএনপি অফিসে ঢুকে অতর্কিতে হামলা চালায়। হামলায় সাতজন আহত হয়। এদিকে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন পল্টু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বড় ধরনের কোন সংঘর্ষ হয়নি। মিছিলের পিছন থেকে কয়েকজন কর্মীর সঙ্গে বিএনপি অফিসে থাকা কয়েকজন নেতা-কর্মীর তর্কবিতর্কের একপর্যায়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশ জানায়, বিজয় র্যালির পিছন থেকে কয়েকজন কর্মী বিএনপি অফিসে ঢুকে হামলা চালায়।