স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি লন্ডনে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গতকাল রবিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য নয় দিনের সফরে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডনে পৌঁছেছেন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। যুক্তরাজ্যের লন্ডনস্থ বুপা ক্রমওয়েল হাসপাতালে আজ সোমবার থেকে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, কেবিনেট সচিব, তিন বাহিনী প্রধান, কূটনৈতিক কোরের ডিন, আইজিপিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ রাষ্ট্রপতিকে বিদায় জানাতে গতকাল বিমানবন্দরে উপস্থিত ছিলেন। অসুস্থ থাকায় গত শনিবার বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। এছাড়া রবিবার বিজয় দিবসে রাষ্ট্রপতির নির্ধারিত অনুষ্ঠানসূচিও বাতিল করা হয়। ৮৩ বছর বয়সী জিল্লুর রহমান ২০০৯ সালে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব নেন। আগামী ২৪ ডিসেম্বর স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি দেশে ফিরবেন ।