ফ্রান্সে আলোচনায় বসছে আফগান সরকার ও তালেবান

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২০:১৯
আফগান সরকার, তালেবানসহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর প্রতিনিধিরা প্যারিসের কাছাকাছি কোথাও আলোচনায় বসতে যাচ্ছে। ২০১৪ সালে আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের পর দেশটির ভবিষ্যত্ নিয়েই এই আলোচনার আয়োজন করা হয়েছে বলে ফ্রান্সের কর্মকর্তারা রোববার জানিয়েছে। আরএফআই রেডিওকে দেয়া এক সাক্ষাত্কারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যঁরা ফ্যাবিয়াস এ তথ্য জানান। শনিবার ফ্রান্স বাহিনীর শেষ দলটিকে আফগানিস্তান থেকে ফিরিয়ে নেয়া হয়। ফ্যাবিয়াস জানান, এই আলোচনার বিষয়ে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই সবুজ সংকেত দিয়েছেন। তিনি আরো বলেন, ‘তিন বছর ধরেই প্রকাশ্য আলোচনা চলছে।’ ‘আপনি যদি শান্তি চান তবে দুই পক্ষের মানুষ যারা সম্মত নয় এমনকি যারা পরস্পরের সঙ্গে কথাও বলে না তাদের মধ্যেই আলোচনার দরকার। এ কারণেই এই আলোচনা। এটি ‘সমঝোতা নয়’, বলেন তিনি। তবে ফ্রান্স এই প্রক্রিয়ায় সরাসরি অংশ নেবে না বলে জানিয়েছেন ফ্যাবিয়াস। তবে বৈঠকে ফ্রান্সের কর্মকর্তারা থাকবেন বলে জানা গেছে। কারজাই সরকার তালেবানের সঙ্গে মুখোমুখি বৈঠক আয়োজনে ব্যর্থ হয়েছে। এই প্রথমবারের মতো তালেবান প্রতিনিধি, আফগানিস্তানের উচ্চ পর্যায়ের শান্তি পরিষদের সদস্য এবং তালেবানের হয়ে লড়াই করা নর্দান অ্যালায়েন্সের প্রতিনিধিও এতে অংশ নিচ্ছে। তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, ওই বৈঠকে শুধুমাত্র আলোচনা হবে। সেখানে কোনো রাজনৈতিক অঙ্গীকার বা সমঝোতা হবে না। প্যারিসের উত্তরাঞ্চলে একটি অজ্ঞাত সংরক্ষিত স্থানে বুধবার ও শুক্রবার এই আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।