‘ছিটমহলের মাটি বাংলার মাটি, ছিটমহলের মানুষ বাংলার মানুষ’-এই শ্লোগানে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১১১টি ছিটমহলে রবিবার নানা কর্মসূচির মধ্যদিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উদ্যোগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অন্তর্গত দাশিয়ার ছড়া ছিটমহলের কালিরহাট ও টংকারমোড় এলাকায় নির্মিত বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ছিটমহলের নারী-পুরুষ-শিশুরা একটি বিজয় শোভাযাত্রা বের করে। ছিটমহলের কালিরহাট বাজারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি ময়নুল হক।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দাসিয়ার ছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ। মুজিব-ইন্দিরা চুক্তি অবিলম্বে বাস্তবায়ন করে বন্দীদশা থেকে ছিটমহলবাসীদের মুক্ত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির বাস্তবায়ন হলেই ছিটমহলবাসীদের মুক্তি মিলবে।
