রাজধানীর ভিকারুন নিসা নূন এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া গতকাল সোমবার শুরু হয়েছে। গতকাল অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের লটারির ড্র। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার ও ভিকারুন নিসা নূনের বসুন্ধরা ও প্রভাতি শাখায় ভর্তির ড্র সম্পন্ন হয় গতকাল। যখনই লটারিতে বিজয়ী কোনো ক্ষুধে শিক্ষার্থীর নাম ঘোষণা করা হচ্ছিল তখন চারদিক থেকে করতালির মাধ্যমে ওই শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়। নাম ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর অভিভাবকদের মুখ থেকে সরে যাচ্ছিল দুশ্চিন্তার ছায়া। উভয় স্কুলেই ম্যানুয়াল পদ্ধতিতে লটারি সম্পন্ন হয়।
আইডিয়াল স্কুলে লটারি:
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বনশ্রী শাখায় ভর্তির লটারির ড্র। ওই শাখায় লটারি মাধ্যমে গতকাল ৩০০ শিশু প্রথম শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে। সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে লটারির ড্র কার্যক্রম। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফাহিমা খাতুন ড্র অনুষ্ঠান উদ্বোধন করেন। পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য ও মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদার।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম সাংবাদিকদের জানান, বনশ্রী শাখার ৩০০টি শূন্য আসনের বিপরীতে ভর্তি ফরম বিতরণ হয়েছে ছয় হাজার ৪২৭টি। এর মধ্যে বাংলা মাধ্যমের ২০০টি আসনের বিপরীতে ভর্তি ফরম বিতরণ হয়েছে চার হাজার ৮৪৮টি। আর ইংরেজি মাধ্যমে ১০০টি আসনের বিপরীতে ভর্তি ফরম বিতরণ হয়েছে এক হাজার ৫৭৯টি।
আজ প্রতিষ্ঠানের প্রধান শাখায় ভর্তির লটারি ড্র অনুষ্ঠিত হবে। লটারিতে বিজয়ী শিশুদের তালিকা প্রতিদিন বিকালেই স্কুলের প্রধান শাখায় টানিয়ে দেয়া হবে।
ভিকারুন নিসা স্কুলে লটারি:
গতকাল সকাল সাড়ে আটটায় লটারির ড্র শুরু হয়। চলে সন্ধ্যা পর্যন্ত। বসুন্ধরার প্রভাতি ও দিবা শাখা এবং আজিমপুরের দিবা ও প্রভাতি শাখার লটারির ড্র অনুষ্ঠিত হয়। স্কুলের বসুন্ধরা শাখায় প্রভাতিতে ১৯১ জন ও দিবা শাখায় ১৯২ জন ভর্তির জন্য নির্বাচিত করা হয়। এছাড়া আজিমপুর শাখায় দিবা ও প্রভাতিতে ১২৭ জন করে ভর্তির জন্য নির্বাচিত করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের একটি অংশে প্রতিষ্ঠান গভর্নিং বডির সভাপতি রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বলেন, শান্তিপূর্ণভাবে লটারির ড্র অনুষ্ঠিত হয়। স্কুলের দুই শাখায় ভর্তির জন্য নির্বাচিত হয় ৬৩৭ জন।
ভিকারুন নিসা নূন স্কুলে লটারিতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৯ শিশু। ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে ড্র। আজও প্রতিষ্ঠানে লটারির ড্র অনুষ্ঠিত হবে।
এদিকে গত রবিবার অধ্যক্ষের কক্ষে ঢুকে ছাত্রলীগ নামধারীদের হুমকির প্রতিবাদ জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু। তিনি বলেন, অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে এভাবে হুমকি দেয়া ক্ষমার অযোগ্য অপরাধ।
ছাত্রলীগের প্রতিবাদ
ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘ভিকারুন নিসার অধ্যক্ষকে হুমকি দিল ছাত্রলীগ নামধারীরা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। প্রতিবাদলিপিতে বলা হয়, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত কোন ব্যক্তি ছাত্রলীগের সদস্য হতে পারে না। সেখানে স্কুলের অভিভাবকদের ছাত্রলীগ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
