রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোন দ্বিধা থাকা উচিত নয়

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:৪৯
এলজিআরডি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। যুদ্ধাপরাধীদের বিচার এই বাংলার মাটিতেই হবে। তিনি বলেন, এবছর দেশে উত্সবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল সোমবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে যুব কমান্ডের উদ্যোগে কিশোরগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা উদ্বোধনের সময় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। এলজিআরডি মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্নের বাংলাদেশ আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। আমাদের দায়িত্ব হবে একটি কল্যাণমুখী, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। তিনি বলেন, আমাদের মাঝে রাজনৈতিক দ্বিধা-দ্বন্দ্ব কিংবা প্রতিযোগিতা থাকতে পারে; কিন্তু দেশের অস্তিত্ব কিংবা মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো দ্বিধা-বিভক্তি থাকতে পারে না। এলজিআরডি মন্ত্রী পরে কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজে নবনির্মিত ছাত্রীনিবাসের উদ্বোধন করেন।