তথ্য প্রযুক্তি ও রাষ্ট্রদ্রোহ আইনে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। চলতি সপ্তাহে বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি মো. বদরুজ্জামানের অবকাশকালীন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আবেদনটি উত্থাপন করে মাহমুদুর রহমানের আইনজীবী সাবেক এটর্নি জেনারেল এডভোকেট এজে মোহাম্মদ আলী বলেন, মাহমুদুর রহমান যেন নির্বিঘ্নে হাইকোর্টে আসতে পারেন এ ব্যাপারে একটি নির্দেশনা প্রয়োজন। এ পর্যায়ে আদালত বলেন, কার্যতালিকায় আবেদনটি অন্তর্ভুক্ত হওয়ার পর বিষয়টি দেখা হবে। একই সঙ্গে বুধবার আবেদনটি কার্যতালিকায় অন্তর্ভুক্ত হবে বলে জানায় আদালত।সম্প্রতি যুদ্ধাপরাধ মামলার বিচার কার্যক্রম নিয়ে প্রবাসী এক আইনজীবীর সঙ্গে ট্রাইব্যুনালের পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপি সংলাপ প্রকাশ করে দৈনিক আমার দেশ। এই অভিযোগেই তথ্য প্রযুক্তি ও রাষ্ট্রদ্রোহ আইনে গত বৃহস্পতিবার মাহমুদুর রহমান ও পত্রিকাটির প্রকাশক হাশমত আলীর বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা দায়ের করে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাহিদুর রহমান।
