আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তদন্ত কমিটি তার
শাস্তিসহ পাঁচটি চূড়ান্ত এবং ১৬টি সাধারণ সুপারিশ করেছে। কমিটির আহবায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার গতকাল সোমবার মন্ত্রণালয়ে এ তদন্ত প্রতিবেদন জমা দেন।
চূড়ান্ত সুপারিশে তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা বলে মনে করা হয়েছে। চরম অবহেলাজনিত অমার্জনীয় অপরাধের অভিযোগে তাজরীনের মালিক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৩০৪ (ক) ধারায় শাস্তির সুপারিশ করা হয়। দণ্ডবিধি অনুযায়ী কেউ কারো প্রতি অবহেলা প্রদর্শন করে তার মৃত্যুর কারণ হলে, সর্বোচ্চ শাস্তি ১০ বছরের জেল জরিমানা হতে পারে। রিপোর্টে তাজরীনের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের অবহেলার জন্য শাস্তির সুপারিশ করা হয়েছে।
চূড়ান্ত তৃতীয় সুপারিশে স্বরাষ্ট্র, শ্রম, গণপূর্ত, পরিবেশ ও বন এবং শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে গার্মেন্টসগুলো পরিদর্শন করে শ্রম আইনে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। দেশের যে সব জেলায় এ ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে, ঐসব জেলায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও সুপারিশ করা হয়েছে।
চূড়ান্ত পঞ্চম সুপারিশে যেহেতু ঘটনাটিতে নাশকতা প্রতীয়মান হয়, সে কারণে নাশকতার মতো ঘটনার হোতা গুপ্ত অপশক্তিকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।
গত ২৪ নভেম্বর আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ডে ১১০ জন শ্রমিক নিহত হয়।
