যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত রিপাবলিকান প্রার্থী মিট রমনির মুখোশ পরে অস্ত্রধারী এক ব্যক্তি ভার্জিনিয়ার ওয়েলস ফার্গো ব্যাংকে ডাকাতি করেছে। নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ব্যাংকের পাঁচটি কাউন্টার থেকে নগদ সব অর্থ ছিনিয়ে নিয়ে ওই মুখোশধারী দ্রুত ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ ওই ব্যাংকের পাশে অবস্থিত পার্টি সেন্টার নামের একটি দোকানের কর্মীদের কাছে জানতে চেয়েছে, গত কয়েক দিনের মধ্যে তাঁদের কাছ থেকে কেউ রমনির মুখোশ কিনেছে কি না। ২০১০ সালে ভার্জিনিয়ারই এক ব্যাংকে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মুখোশ পরে আরেকটি ডাকাতির ঘটনা ঘটেছিল।
