২১ ডিসেম্বর শেষ হচ্ছে মায়ান বর্ষপঞ্জি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২০:০৮
পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে এ সপ্তাহ শেষের সঙ্গে শেষ হচ্ছে মায়া সভ্যতার অন্যতম কীর্তি মায়ান বর্ষপঞ্জি। ৫ হাজার ১২৫ বছরের পুরনো এ বর্ষপঞ্জি শেষ হতে যাচ্ছে আগামী ২১ ডিসেম্বর। এক মার্কিন পণ্ডিতের বিশ্লেষণ অনুযায়ী ওই দিনই ধ্বংস হতে যাচ্ছে পৃথিবী। মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ইউকাতান উপদ্বীপ ও গুয়াতেমালার পাহাড়ী এলাকায় মায়ান সভ্যতার বিভিন্ন ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত এ ‘ভবিষ্যত্বাণী’কে পুঁজি করে নানা ধরনের প্রচারণা, আয়োজন, বাণিজ্য ও ধর্মীয় মতবাদ নিয়ে এক হয়েছেন এসময়ের অনেক আধ্যাত্মিক গুরু ও চতুর ব্যবসায়ী। ইতোমধ্যে এ দিনটিকে কেন্দ্র করে নানা ধরনের কাহিনী নিয়ে বিভিন্ন ভিডিও গেম ও সিনেমা তৈরি হয়েছে, যেগুলো ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে। তবে রাশিয়ার এক কারাগারে গণহিস্টিরিয়া, পৃথিবী ধ্বংস হলে তা থেকে বাঁচার জন্য এক চীনা ব্যক্তির ‘সারভাইভাল পড’ তৈরি, ধ্বংসলীলা শুরু হলে বেঁচে থাকার বিভিন্ন উপায় নিয়ে নিউজিল্যান্ডের এক ব্যক্তির বই লেখা, এমনকি ভিন্ গ্রহবাসীদের ডেকে এনে তাদের গ্রহে যাওয়ার উদ্দেশ্যে ফ্রান্সের একটি গ্রামে বহু মানুষের একত্রিত হওয়ার ঘটনাও ঘটেছে। মূলত শুক্রবার মায়ান বর্ষপঞ্জি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হবে ৪০০ বছরব্যাপী একটি যুগ যা ১৩তম ‘বাকতুন’ নামে পরিচিত। এরপর শুরু হবে ১৪তম বাকতুন। ২০ ডিসেম্বর রাতের মধ্যে অন্তত দুই লাখ পর্যটক চিচেন ইত্জায় হাজির হবেন বলে মনে করা হচ্ছে। মেক্সিকোর সরকার আনুষ্ঠানিকভাবে এ উপলক্ষে কোনো আয়োজন না করলেও দেশটির পর্যটন মন্ত্রণালয় ২১ ডিসেম্বর পর্যন্ত ‘মুনডো মায়া-২০১২’ শীর্ষক একটি কাউন্টডাউন শুরু করেছে তাদের ওয়েবসাইটে।